August 6, 2026
WhatsApp Image 2026-08-06 at 2.23.51 AM

কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতে ইতিহাস গড়া ত্রিপুরার জুডোকা অস্মিতা দে-কে সংবর্ধনা ও অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এদিন নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্মিতা। এ সময় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায় এবং বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। মুখ্যমন্ত্রী অস্মিতাকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান।

অস্মিতার সাফল্যের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, এই অর্জন শুধু ত্রিপুরার নয়, সমগ্র দেশের জন্যই অত্যন্ত গর্বের। কঠোর পরিশ্রম, নিষ্ঠা, অধ্যবসায় এবং অদম্য মানসিক শক্তির মাধ্যমে তিনি যে সাফল্য অর্জন করেছেন, তা দেশের তরুণ প্রজন্ম এবং ক্রীড়াবিদদের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, কমনওয়েলথ গেমসের জুডো ইভেন্টে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ের মাধ্যমে অস্মিতা দে দেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। তাঁর এই কৃতিত্ব আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারতের মর্যাদা আরও উজ্জ্বল করেছে।

মুখ্যমন্ত্রী অস্মিতা দে-র উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আশা প্রকাশ করেন, তিনি আগামী দিনেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জন করে দেশ ও ত্রিপুরার নাম আরও গৌরবান্বিত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *