May 26, 2026
image - 2026-05-26T140951.837

হিমন্ত বিশ্ব শর্মা বকরিদ উপলক্ষে অসমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে গরু কোরবানি থেকে বিরত থাকার আবেদন জানালেন। অসম বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোনও ধর্মীয় শাস্ত্রেই গরু কোরবানি বাধ্যতামূলক বলে উল্লেখ নেই। তিনি জানান, অসমের কয়েকটি বাঙালি মুসলিম সংগঠন ইতিমধ্যেই হিন্দু সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এ বছর গরু কোরবানি না করার সিদ্ধান্ত নিয়েছে।
মুখ্যমন্ত্রী এই পদক্ষেপকে “সম্প্রীতির নতুন যুগের সূচনা” বলে উল্লেখ করেন এবং মুসলিম সমাজকে ধন্যবাদ জানান। তাঁর মতে, এই উদ্যোগ রাজ্যে শান্তিপূর্ণ সহাবস্থানকে আরও শক্তিশালী করবে এবং হিন্দু সমাজের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। যাঁরা এখনও কোনও সিদ্ধান্ত নেননি, তাঁদেরও অন্যদের থেকে অনুপ্রেরণা নিয়ে একই পথে হাঁটার আহ্বান জানান তিনি।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী-পুরুষদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার ইউনিফর্ম সিভিল কোড বিল এনেছে। পাশাপাশি তিনি দাবি করেন, গত পাঁচ বছরে অসমের জিডিপি বেড়ে ৮.৭১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে এবং আগামী পাঁচ বছরে রাজ্যে দারিদ্র্যের হার ২ থেকে ৩ শতাংশে নেমে আসবে।
যুব সমাজের কর্মসংস্থান ও স্বনির্ভরতার উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে ১০ লক্ষ তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করছে সরকার। একই সঙ্গে তিনি অবৈধ অনুপ্রবেশ রুখতে কঠোর পদক্ষেপের কথাও পুনর্ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *