অসমে স্কুলছুট, ঝরে পড়া এবং দীর্ঘদিন অনুপস্থিত শিক্ষার্থীদের চিহ্নিত করে পুনরায় শিক্ষার মূলস্রোতে ফেরাতে ‘শিক্ষা যাত্রা—ফ্রম চ্যালেঞ্জেস টু অ্যাসপিরেশনস’ নামে রাজ্যজুড়ে বিশেষ সমীক্ষা শুরু করেছে সমগ্র শিক্ষা, অসম। ২০ আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত স্কুলের আওতাভুক্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই সমীক্ষা চালানো হবে। এতে স্কুল ম্যানেজমেন্ট কমিটি, শিক্ষা স্বেচ্ছাসেবক, জেলা কোয়ালিটি ম্যানেজারসহ মাঠপর্যায়ের কর্মীরা অংশ নেবেন। সমীক্ষায় বিশেষভাবে ৪৫ দিনের বেশি সময় ধরে অনুপস্থিত ৪ লাখ ৪৩ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী এবং পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির পর স্কুল ছেড়ে দেওয়া ৬৮ হাজার ৪১০ জন ট্রানজিশনাল ড্রপআউটকে চিহ্নিত করা হবে। সমীক্ষার জন্য মোট ২ হাজার ৮৬২ জন কর্মী নিয়োগ করা হয়েছে এবং নির্ভুল তথ্য সংগ্রহের জন্য তাদের সার্ভে অ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২০২৫ সালের PLFS সমীক্ষা অনুযায়ী, অসমে ১৪ থেকে ১৮ বছর বয়সী আনুমানিক ৪ লাখ ৫২ হাজার ৩২১ শিশু স্কুলের বাইরে রয়েছে। তাদের শিক্ষায় ফিরিয়ে আনতে ২০২৫-২৬ অর্থবছরে ৫ হাজার ২৭৩ জন এবং ২০২৬-২৭ অর্থবছরে ৬ হাজার ৯৫৩ জনের জন্য ওপেন স্কুলিংয়ের মাধ্যমে সহায়তার পরিকল্পনা নেওয়া হয়েছে।
