November 21, 2026
SIL 2

ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে বন্ধ করতে আইন আনার বিষয়টি বিবেচনা করার জন্য কেন্দ্রকে অনুরোধ করল সুপ্রিম কোর্ট। আদালতের মতে, এ ধরনের বিয়ের ফলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জিনগত সমস্যা ও জন্মগত নানা শারীরিক জটিলতার ঝুঁকি বাড়তে পারে।

বেঙ্গালুরুর আইন পড়ুয়া চারভি এস এই দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন। তাঁর অভিযোগ, রক্তের সম্পর্কের মধ্যে বিয়ের কারণে জন্ম নেওয়া শিশুদের মধ্যে জন্মগত ত্রুটি, দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির সমস্যা, বিকাশজনিত প্রতিবন্ধকতা এবং শিশুমৃত্যুর ঝুঁকি বাড়তে পারে। আবেদনকারী নিজেও এমন এক দম্পতির সন্তান এবং জন্মগতভাবে ৪০ শতাংশ দৃষ্টিশক্তিহীন বলে জানিয়েছেন।

মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, এ ধরনের বিয়ে নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করার আইন প্রণয়নের ক্ষমতা সংসদের। আদালত সরাসরি সরকারকে আইন তৈরির নির্দেশ দিতে পারে না। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।

পাশাপাশি, এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর উপরেও জোর দিয়েছে আদালত। প্রয়োজনে স্কুলের পাঠ্যক্রম এবং সচেতনতামূলক প্রচারের মাধ্যমে বিষয়টি সম্পর্কে মানুষকে জানানো যেতে পারে বলে পর্যবেক্ষণ আদালতের। তবে বিয়ের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ ও সিদ্ধান্তের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *