জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফ ছাউনিতে হামলার ঘটনায় জড়িত তিন জঙ্গির খোঁজে তল্লাশি জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যে ৫০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সন্দেহের ভিত্তিতে ২০ জনকে আটক করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, আটক ব্যক্তিরা জঙ্গিদের আশ্রয়, খাবার ও অন্যান্য সহযোগিতা করে থাকতে পারেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ নভেম্বর দুপুরে কুলগামের মীরবাজারের কাছে আখরান এলাকায় সিআরপিএফের ৪৬ নম্বর ব্যাটালিয়নের ছাউনিতে হামলা চালায় তিন জঙ্গি। তাদের ছোড়া গুলিতে আহত হন তিন জওয়ান—হেড কনস্টেবল সোমবীর সিং, কনস্টেবল রাকেশ দাস এবং সন্তোষ চন্দ্র। তাঁদের প্রথমে অনন্তনাগ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্তোষকে শ্রীনগরের সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
প্রাথমিকভাবে জঙ্গিরা বাইকে করে এসেছিল বলে ধারণা করা হলেও সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে এসে হামলা চালায় এবং একই পথ ধরে পালিয়ে যায়। হামলায় প্রায় ৩০ রাউন্ড গুলি চালানো হয়েছিল বলে তদন্তে জানা গিয়েছে। হামলার পর থেকেই কুলগাম ও সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান চলছে। জঙ্গিরা যে পথ দিয়ে পালিয়েছে, সেই পথ চিহ্নিত করে নিরাপত্তা বাহিনী তাদের খোঁজ চালাচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে হামলার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের সন্ধান চালাচ্ছেন তদন্তকারীরা।
