বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি অসমে। চরাইদেও এবং শিবসাগর জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে বন্যার জেরে।
এনিয়ে অসমে বন্যা পরিস্থিতিতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৫০। অন্তত ৭.২১ লক্ষ বাসিন্দা ক্ষতিগ্রস্ত। অসমের ১১ জেলায় বন্যার প্রকোপ সবচেয়ে বেশি। অসমের বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শিবসাগরে দুজন ও চরাইদেও জেলায় দুজনের মৃত্যু হয়েছে। ৩৭ রাজস্ব চক্রের ৮৮৩ গ্রাম জলের তলায়, ক্ষতিগ্রস্ত ৭.২১ লক্ষ বাসিন্দা। গোলাঘাট, হোজাই, কামরূপ, চরাইদেও, যোরহাট, ডিব্রুগড়, শিবসাগর, নগাঁও, কামরূপ (মেট্রো), কার্বি আংলং এবং তিনসুকিয়া জেলার বিস্তীর্ণ এলাকায় শুধু জল আর জল।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলা। ৩.৭৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, এরপরই রয়েছে চরাইদেও, ১.৮৬ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত এবং যোরহাটে ১.১৫ লক্ষ ক্ষতিগ্রস্ত। দশটি জেলায় বন্যাক্রান্ত ৬.৪২ লক্ষ বাসিন্দা। ১০৩ আশ্রয় শিবিরে বর্তমানে রয়েছেন ২৪,১২৪ ঘরহারা মানুষ, এর পাশাপাশি ২৫৫ ত্রাণ বণ্টন কেন্দ্র থেকে বানভাসিদের খাবার ও অন্যান্য সামগ্রী দেওয়া হচ্ছে। বন্যার জল থইথই করছে ২৫,৩৭৫ হেক্টর কৃষিজমিতে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের।
