প্রায় দুই দশক পর ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়কে। শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে রানির বিপরীতে অভিষেককে দেখা যাবে বলে বিনোদনমহলে চলছে জোর জল্পনা।
‘বান্টি অউর বাবলি’, ‘যুবা’ ও ‘কভি আলবিদা না কহেনা’-সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করে জনপ্রিয়তা পেয়েছিলেন এই জুটি। ২০০৭ সালে ‘লাগা চুনারি মে দাগ’-এর পর তাঁদের আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি।
প্রথমে ‘কিং’-এ রানিকে ক্যামিও চরিত্রে দেখা যাবে বলে খবর ছড়ালেও, সাম্প্রতিক প্রতিবেদনে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে বলে সূত্রের খবর। অন্যদিকে, অভিষেককে ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে বলেও জল্পনা রয়েছে।
