দিল্লির চাণক্যপুরীর কাছে মোতিবাগ এলাকায় একটি পাঁচতলা মেসবাড়ি ধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আহত ১১ জনকে দিল্লি এইমসের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন।
স্থানীয়দের দাবি, প্রায় ৫০ বছরের পুরনো বাড়িটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ছিল। সম্প্রতি সেটি সংস্কার করে পেইং গেস্ট হিসেবে ছাত্রছাত্রীদের ভাড়া দেওয়া হয়। অভিযোগ, সংস্কারের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই বাড়িতে আবাসিকদের রাখা হয়েছিল। ঘটনার সময় বেসমেন্টে নির্মাণকাজ চলছিল।
পৌরসভার প্রাথমিক তথ্য অনুযায়ী, বাড়িটির মাত্র দুইতলা নির্মাণের অনুমোদন ছিল। বাকি তলাগুলি অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। পাশাপাশি বসতবাড়িটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছিল।
দু’দিনের বৃষ্টিতে বেসমেন্টে জল জমে পিলার দুর্বল হয়ে ভবনটি ধসে পড়ে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশের একটি ছাত্রীনিবাস থেকেও আবাসিকদের সরিয়ে নেওয়া হয়েছে।
