অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রাই। জানা যায়, ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালায়।
অভিযানের সময় কদমতলা থানার বাঘন গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে অরিনজিত দাস ওরফে গৌতম দাসের বাড়িতে তল্লাশি করা হয়। তল্লাশি চালিয়ে বাড়ির গোয়ালঘর থেকে প্রায় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ঘটনায় বাড়ির মালিক গৌতম দাসকে আটক করা হয়।
