উদ্বোধনের মাত্র ১২ দিনের মধ্যেই লখনউ-কানপুর গ্রিনফিল্ড ন্যাশনাল এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশে ফাটল! বহু কোটি টাকা ব্যয়ে নির্মিত এই এক্সপ্রেসওয়ের এমন অবস্থা ঘিরে শুরু হয়েছে ব্যাপক চর্চা।
প্রায় ৪,২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন হয় গত ১৩ জুলাই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়কমন্ত্রী নিতিন গডকরীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় প্রকল্পটি।
তবে উদ্বোধনের দু’সপ্তাহও না কাটতেই রাস্তার একাংশে ফাটল দেখা যাওয়ার অভিযোগ সামনে আসে। গত ২৫ জুলাই সমাজবাদী পার্টির নেতা মধুসূদন যাদব সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন। তাঁর দাবি, এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় কোরারি গ্রামের কাছে রাস্তার প্রায় পাঁচ থেকে সাত মিটার অংশে ধস ও ফাটল তাঁর নজরে আসে।ভিডিওতে তিনি রাস্তা নির্মাণের মান নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন, এত অল্প সময়ের মধ্যেই এমন ক্ষতি উদ্বেগজনক।
যদিও এই অভিযোগ এবং ভাইরাল ভিডিও প্রসঙ্গে এখনও পর্যন্ত জাতীয় সড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। উদ্বোধনের পর এত দ্রুত এক্সপ্রেসওয়ের এমন অবস্থা সামনে আসায় অবকাঠামো নির্মাণের গুণগত মান ও তদারকি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
