আসামের বারপেটা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র (PM Jan Aushadhi Kendra) স্থাপনকে কেন্দ্র করে প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কেন্দ্রটি স্থাপনের জন্য সরকারি বিধি অনুযায়ী উন্মুক্ত ই-টেন্ডার আহ্বান না করে নিয়মবহির্ভূতভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, গত ১ জুলাই সুরজিৎ পাল নামে এক ব্যক্তি কেন্দ্রীয় পাবলিক গ্রিভ্যান্সেস রিড্রেসাল অ্যান্ড মনিটরিং সিস্টেমে (CPGRAMS) অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি প্রকল্পের আওতায় মেডিকেল কলেজ চত্বরে কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে আসাম সরকারের ই-টেন্ডার পোর্টাল বা গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস (GeM) ব্যবহার করার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি।
অভিযোগ অনুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষ ৫ জুন একটি ইংরেজি দৈনিকে বিজ্ঞাপন প্রকাশ করলেও সেখানে শুধুমাত্র ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে আগ্রহপত্র আহ্বান করা হয়। বিজ্ঞাপনে আর্থিক দরপত্র, লাইসেন্স ফি বা ভাড়ার মতো গুরুত্বপূর্ণ শর্তের কোনো উল্লেখ ছিল না। ফলে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় মেডিকেল কলেজের অধ্যক্ষ ও প্রধান সুপারের ভূমিকা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, সীমিত বা তথাকথিত ‘পকেট টেন্ডার’-এর মাধ্যমে একটি নির্দিষ্ট আবেদনকারীকে সুবিধা দিয়ে জন ঔষধি কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে।
যদিও অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।
