আসামের ডিব্রুগড়ে ভক্তি, ঐতিহ্য ও আধ্যাত্মিক আবহে শুরু হয়েছে ১২তম জগন্নাথ রথযাত্রা মহোৎসব। বৃহস্পতিবার খানিকারের শ্রীক্ষেত্র জগন্নাথ সাংস্কৃতিক কমপ্লেক্সে জগন্নাথ কালচারাল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই মহোৎসবের উদ্বোধন করেন আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য।
বৈদিক আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনা শেষে রাজ্যপাল নিজ হাতে পবিত্র রথের দড়ি টেনে রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় মন্দির প্রাঙ্গণ ‘জয় জগন্নাথ’ ধ্বনি, শঙ্খধ্বনি এবং ভক্তিমূলক সঙ্গীতে মুখর হয়ে ওঠে। উৎসবমুখর পরিবেশে হাজারো ভক্ত রথযাত্রায় অংশ নিয়ে প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানে শামিল হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন, জগন্নাথ কালচারাল ট্রাস্টের সভাপতি, ডিব্রুগড়ের জেলা প্রশাসক বিক্রম কৈরীসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও সমাজের গণ্যমান্য সদস্যরা।
এ উপলক্ষে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য সকল ভক্তকে শুভেচ্ছা জানিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সমৃদ্ধি কামনা করেন।
বিকেল ২টায় খানিকারের জগন্নাথ সাংস্কৃতিক কমপ্লেক্স থেকে শুরু হওয়া রথযাত্রা আউনিয়াতি সত্র, কাছারবাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। ডিব্রুগড় ছাড়াও তিনসুকিয়া, শিবসাগর, চরাইদেও, লখিমপুর এবং ধেমাজি জেলার হাজারো ভক্ত এই ঐতিহ্যবাহী শোভাযাত্রায় অংশ নেন। প্রতিবছরের মতো এবারও রথযাত্রা মহোৎসব ধর্মীয় সম্প্রীতি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক ঐক্যের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
