August 22, 2026
WhatsApp Image 2026-08-22 at 2.39.53 AM

শ্রম দপ্তরের সভাগৃহে আজ শ্রমমন্ত্রী টিংকু রায় ডিজিটাল লেবার চক অ্যাপের উদ্বোধন করেন। শ্রমিকদের কর্মসংস্থান সংক্রান্ত তথ্য, পরিষেবা এবং বিভিন্ন সরকারি সুবিধার সঙ্গে দ্রুত ও সহজে শ্রমিকদের সংযুক্ত করার লক্ষ্যে এই অ্যাপ চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের সচিব তাপস রায়, দপ্তরের কমিশনার, যুগ্ম কমিশনার, ওএসডি, উপকমিশনার প্রমুখ। এই উপলক্ষ্যে শ্রম দপ্তরের উদ্যোগে একটি পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হয়।

পর্যালোচনা সভায় নির্মাণ শ্রমিক, পরিযায়ী শ্রমিক এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বাস্তবায়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, এবছর ডিসেম্বর মাসের মধ্যে এক লক্ষ নির্মাণ শ্রমিককে চিহ্নিত করে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের নতুন ডিজিটাল পোর্টালে তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে নথিভুক্ত নির্মাণ শ্রমিকদের নাম ও প্রয়োজনীয় তথ্য আগামী ১৫ অক্টোবরের মধ্যে নতুন পোর্টালে নথিভুক্ত করা হবে। রাজ্যের বিভিন্ন ইটভাটা এলাকায় কর্মরত পরিযায়ী শ্রমিকদের জন্য উপযুক্ত ও স্বাস্থ্যসম্মত আবাসন, পানীয়জল, শৌচাগারের ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিক পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। নতুন শ্রম আইন, শ্রমিকদের সামাজিক সুরক্ষা, মজুরি ও ই-শ্রম ও নির্মাণ শ্রমিকদের নিবন্ধন সহ বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হবে। এই কর্মসূচিতে পঞ্চায়েতীরাজ প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট আধিকারিকদের যুক্ত করা হবে। গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার শ্রমিকদের কাছে সরকারি পরিষেবা ও সুযোগ সুবিধার বিষয়ে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হবে।

পর্যালোচনা সভায় কর্মচারি রাজ্য বীমা (ইএসআই) প্রকল্পের আওতায় আরও বেশি সংখ্যক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে যোগ্য শ্রমিক কর্মচারিদের পূজা বোনাস। এক্সগ্রেসিয়া দুর্গাপূজার অন্তত ১০ দিন আগে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে শ্রম আধিকারিক ও শ্রম পরিদর্শকদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *