পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্ঝ অভিনীত ‘সতলুজ’ ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছে। দীর্ঘ তিন বছর সেন্সরের সঙ্গে লড়াইয়ের পর ছবিটি মুক্তির মুখ দেখলেও বড় পর্দায় প্রকাশের সুযোগ হয়নি। পরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলেও মাত্র তিন দিনের মধ্যেই ফের নিষেধাজ্ঞার জেরে সরিয়ে নেওয়া হয় ছবিটি।
‘সতলুজ’ ঘিরে রাজনৈতিক তরজার মাঝেই উঠে এসেছে দিলজিতের আত্মজীবনী লেখার প্রসঙ্গ। ইনস্টাগ্রাম লাইভে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, তিনি অবশ্যই নিজের জীবনের গল্প লিখতে চান। তবে সেই বই প্রকাশিত হবে তাঁর মৃত্যুর পর।
দিলজিতের কথায়, “মৃত্যুর আগে আমি একটি বই লিখতে চাই। তবে সেটি আমার মৃত্যুর পরই প্রকাশিত হবে। জীবিত অবস্থায় আত্মজীবনী প্রকাশের কথা জানালে অনেক মানুষ সমস্যায় পড়তে পারেন। আমি চাই না আমার জন্য কেউ কোনও সমস্যায় পড়ুন।”
অভিনেতার বক্তব্যে স্পষ্ট, জীবনের অজানা অধ্যায় ভবিষ্যতে তুলে ধরতে চান তিনি। তবে কাছের মানুষদের নিরাপত্তা ও স্বার্থের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।
