দীর্ঘ গরমের পর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি ও সংলগ্ন এলাকা। গত কয়েক দিনে প্রবল বৃষ্টিতে বহু জায়গায় জল জমেছে, বেড়েছে যানজট ও জনভোগান্তি। রোহিণীতে পাঁচতলা একটি বাড়ি ভেঙে তিন জনের মৃত্যু হয়েছে। ময়ূরবিহারে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ১০৩ মিমি বৃষ্টি হয়েছে। বুরারি, সদর বাজার, সঙ্গমবিহার ও মেহরৌলি-বদরপুর রোড জলমগ্ন হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তর ১০ জুলাই পর্যন্ত দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় ও পশ্চিম উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।
দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, নয়ডা, মেরঠ এবং হরিয়ানার গুরুগ্রামেও বৃষ্টির জেরে যান চলাচল ব্যাহত হয়েছে। দিল্লি-নয়ডা ও দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।
অন্যদিকে, মুম্বইয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। জলমগ্ন নিচু এলাকাগুলিতে হড়পা বানের আশঙ্কা তৈরি হয়েছে। রেল ও বিমান পরিষেবা ব্যাহত হয়েছে, কয়েকটি রুটে ট্রেন বাতিল করা হয়েছে। পালঘর, ঠাণে ও রায়গড়েও অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
