উত্তর-পূর্ব ভারতের নদী অববাহিকাগুলোর মাস্টার প্ল্যান উন্নয়ন ও হালনাগাদের লক্ষ্যে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুমোদন করেছে ব্রহ্মপুত্র বোর্ড। বোর্ডের ৮৮তম বৈঠকে গৃহীত এ সিদ্ধান্ত সম্পর্কে চেয়ারম্যান রণবীর সিং জানান, নতুন এসওপি নদী অববাহিকা সংশ্লিষ্ট রাজ্যগুলোর মধ্যে বৈজ্ঞানিক ও অংশগ্রহণমূলক পরিকল্পনা প্রক্রিয়া নিশ্চিত করবে। শিগগিরই এটি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে।
বোর্ডের তথ্য অনুযায়ী, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ডজুড়ে ১৫টি নদী উপ-অববাহিকায় চলমান কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে। উন্নত জরিপ, মডেলিং এবং জিআইএসভিত্তিক পরিকল্পনা কার্যক্রম ইতোমধ্যে বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি নতুন কয়েকটি নদী অববাহিকাকে অন্তর্ভুক্ত করে অতিরিক্ত প্রকল্পও শুরু হয়েছে।
বৈঠকে ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চল বা নদীবেষ্টিত দ্বীপসমূহের জন্য একটি খসড়া নীতিমালাও পর্যালোচনা করা হয়। প্রস্তাবিত নীতিমালার মূল লক্ষ্য হলো টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, জীবিকায়ন বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলা সক্ষমতা জোরদার করা। চূড়ান্ত অনুমোদনের আগে এ বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হবে।
এছাড়া বন্যা ও নদীভাঙন নিয়ন্ত্রণ, পলি ব্যবস্থাপনা, ঝরনাভিত্তিক জলসম্পদ উন্নয়ন এবং আন্তঃরাজ্য সমন্বয় জোরদারের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। দীর্ঘমেয়াদে নদীর স্থিতিশীলতা ও টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছে ব্রহ্মপুত্র বোর্ড।
