ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সংসদ ভবন অভিযানের মধ্যেই দলের সঙ্গে কথা বলতে রাজি হয়েছে সরকার। সিজেপির দাবি, সোমবার সকালে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করা হয়। সেই বৈঠকে যোগ দিতে দলের প্রধান মুখপাত্র সৌরভ দাস ও মুখপাত্র আশুতোষ রাঙ্কা রওনা হয়েছেন।
শিক্ষায় দুর্নীতি, নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে অনশনে রয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। গত শনিবার, অনশনের ২১তম দিনে সোনমকে বিক্ষোভস্থল থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ। দিল্লির সফদরজং হাসপাতালে আপাতত তাঁকে রাখা হয়েছে। এদিকে, সংসদ ভবন অভিযানে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সাময়িকভাবে হাসপাতাল ছাড়ার অনুমতি চেয়ে আবেদন করেছেন সোনম।
সোমবার সিজেপির সংসদ ভবন অভিযানে প্রায় ১০ হাজার সমর্থকের সমাগম হয়। সোনম ওয়াংচুকের অনুরোধে দলের নেতা অভিজিৎ দীপ অনশন প্রত্যাহার করেছেন। পাশাপাশি যন্তর মন্তরে অনশনরত তিন ছাত্রনেতাও অনশনে ইতি টেনেছেন।
