April 17, 2026
SIL 1

সন্ধ্যে হলেই ছোট-বড় সকলেরই মন চায় মুখরোচক খাবার খেতে। পকোড়া, রোল, চাউমিন, চিপ্‌স, ফ্রেঞ্চ ফ্রাই – সব নিমেষেই সাবাড়। তবে কম তেল, কম মশলাযুক্ত খাবার মুখে রোচে না অনেকেরই। কিন্তু সবসময় এইসব খেলে স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই ঘরেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর সয়াবিনের মুখরোচক পদ।

সয়াবিন পপকর্ন

নুন জলে সয়াবিন সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে রেখে দিন। ওতে এবার দিন আদা-রসুন বাটা, ধনে, জিরে গুঁড়ো, কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণ ভালো  করে মিশিয়ে নিন। তেল ব্রাশ করে এয়ার ফ্রায়ারে উল্টে-পাল্টে সেঁকে নিলেই তৈরি সয়াবিন পপকর্ন।

সয়াবিনের কবাব

জল ঝরানো দইয়ের মধ্যে নানারকম মশলা যোগ করে সয়াবিন ম্যারিনেট করে রাখুন কিছুক্ষণ। তারপর কাঠির মধ্যে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, বেল পেপার এবং ম্যারিনেট করা সয়াবিন সাজিয়ে নিয়ে সেঁকে নিন। চাইলে বেক করেও খাওয়া যেতে পারে।

সয়াবিনের টিক্কি

সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে মিক্সারে বেটে রাখুন। এবার তাতে পেঁয়াজ, লঙ্কাকুচি, নুন, হলুদ, ধনে-জিরে গুঁড়ো, বেসন যোগ করুন। সব উপকরণ ভালো করে মিশিয়ে টিকিয়ার আকারে তাওয়ায় উল্টে-পাল্টে সেঁকে নিলেই তৈরি। সস কিংবা চাটনির সাথে পরিবেশন গরম গরম সয়া টিক্কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *