জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ২০১৬ সালে গঠিত ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি- এর ভিলেজ কমিটিগুলির মেয়াদ স্বাভাবিক নিয়মে ৮ মার্চ, ২০২১ ইং সালে শেষ হয়ে যায়। কিন্তু ২০২১ সালে সমগ্র দেশজুড়ে করোনা অতি-মারির প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব হয়নি।
পরবর্তী সময়ে রাজ্য নির্বাচন কমিশন ২০২২ সালেই নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছিল এবং সেই সময় নির্বাচনী কর্তৃপক্ষ, ভোটকেন্দ্র ও ভোটার তালিকা প্রস্তুতির কাজও এগিয়ে নেওয়া হয়েছিল। ফলস্বরূপ রাজ্যের টিটিএএডিসি- এর ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের বিস্তারিত নির্বাচনী নির্ঘণ্ট ও প্রস্তুতির রূপরেখা তুলে ধরে এমনটাই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার ড. পি. কে. চক্রবর্তী।
সেইসাথে তিনি এও জানিয়েছেন, রাজ্যের মোট ৫৮টি ব্লকের মধ্যে ৬টি ব্লকের অধীনে কোনও ভিলেজ কমিটি না থাকায় ওই ব্লকগুলিতে নির্বাচন হবে না। এবারের নির্বাচনে ৫২টি আর.ডি. ব্লকের অধীনে থাকা ৫৮৭টি ভিলেজ কমিটির ২,৬৩৪টি নির্বাচনী ক্ষেত্রে মোট ৪,৫৯৭টি আসনের জন্য ভোট-গ্রহণ অনুষ্ঠিত হবে।
