August 14, 2026
SIL 1

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আগরতলা শহর নিগম এলাকা, কৈলাসহর, খোয়াই, বিলোনীয়া সহ রাজ্যের একাধিক শহরে বর্ষাকালীন সময়ে জল-ডুবি থেকে নাগরিকদের রক্ষা করতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকার পক্ষকে বেশ কয়েকবার অবগত করা হয়েছে।

সেইসাথে হাওড়া নদী ও কাঁটা-খালের নাব্যতা বৃদ্ধির কথাও বলা হয়েছিল। বর্তমান সময়ে সামান্য বৃষ্টি হলে শুধু আগরতলা শহরই নয় শহরতলীর আশপাশ এলাকাও জলমগ্ন হয়ে পড়ে। আগরতলার কংগ্রেস সদর কার্যালয়ে আয়োজিত এক সম্মেলনে জলমগ্ন আগরতলা প্রসঙ্গে বলতে গিয়ে এমনটাই মত ব্যক্ত করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

সাথে তিনি এও বলেন, বন্যা নিয়ন্ত্রণে বড়মুরার পাদদেশে হাওড়া নদীর উৎসে চেক-ডেম নির্মাণ, বাঁধের উচ্চতা বৃদ্ধি, নদীর নাব্যতা বৃদ্ধি সহ একাধিক পরিকল্পনার কথা বলা হয়েছিল এবং এতে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে অবগত করা হলেও কর্মকাণ্ড চোখে পড়েনি। কাঁটা-খালের পুনর সংস্কার বর্ষাকালীন সময়ে বিপদজনক হতে পারে এই বিষয়টিকে সামনে আনার পরও সম্প্রতি কাজ শুরু করায় বাঁধ ভাঙ্গার বিষয়টি নজরে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে যান চলাচলের নিষিদ্ধও করা হয়েছে। কেন বর্ষার আগেই শুরু করা হল না সেই প্রশ্নও তিনি উত্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *