আগামীকাল পবিত্র রথযাত্রা। এই উপলক্ষে ভক্তদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে উৎসব পরিচালনার লক্ষ্যে বুধবার আগরতলা শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী রথ পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
এদিন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, জেলার পুলিশ সুপার নমিত পাঠক, ট্রাফিক পুলিশ সুপারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা রাজধানীর জগন্নাথ জিউ মন্দির, ইসকন আগরতলা, ইসকন হরে কৃষ্ণ মন্দির এবং রাধামাধব মন্দিরে গিয়ে রথগুলির উচ্চতা, কাঠামোগত নিরাপত্তা ও সামগ্রিক প্রস্তুতি পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় রথগুলির উচ্চতা আইন ও নিরাপত্তা বিধি অনুযায়ী রয়েছে কিনা তা বিশেষভাবে পরীক্ষা করে দেখা হয়। পাশাপাশি বিদ্যুতের তার, যাতায়াতের রাস্তা, জনসমাগম নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থা এবং জরুরি পরিষেবা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রশাসনের কর্তারা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য রথযাত্রা যাতে নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই আগাম এই পরিদর্শন ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রথযাত্রার দিন পর্যাপ্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, রথযাত্রা উপলক্ষে আগামীকাল ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবী রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করবেন। এই উৎসবকে ঘিরে আগরতলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
