সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা জরুরি। তবে মহিলাদের শরীরের গঠন, হরমোনের পরিবর্তন এবং মানসিক চাপের ধরন পুরুষদের তুলনায় আলাদা হওয়ায় তাঁদের জন্য কিছু বিশেষ ধরনের ব্যায়াম বেশি উপকারী। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের হাড় ও পেশির ক্ষয় দ্রুত হয়। এছাড়া চল্লিশের পর কোমর, হাঁটু বা পায়ে ব্যথার সমস্যাও দেখা দেয়। যোগাসনের মাধ্যমে এই সমস্যাগুলি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
মেয়েদের জন্য উপকারী কয়েকটি যোগাসন
বালাসন
প্রথমে হাঁটু মুড়ে গোড়ালির উপর বসুন। এরপর কোমর থেকে শরীরের উপরের অংশ সামনের দিকে ঝুঁকিয়ে বুক ঊরুর সঙ্গে লাগানোর চেষ্টা করুন। কপাল মাটিতে ঠেকিয়ে হাত দু’টি সামনে প্রসারিত করুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। ৩০ সেকেন্ড এই ভঙ্গিতে থেকে, ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসুন। অন্তত তিন বার এই আসন অভ্যাস করা ভালো। এতে মানসিক চাপ কমে ও কোমরের ব্যথা কমায়।
মালাসন
প্রথমে সোজা হয়ে বসুন। এরপর দুই পা ফাঁক করে হাঁটু মুড়ে উবু হয়ে বসার ভঙ্গি নিন। পা দু’টি যতটা সম্ভব কাছাকাছি রাখুন। এবার হাত জোড় করে নমস্কারের ভঙ্গিতে রাখুন, যাতে কনুই দু’টি হাঁটুকে স্পর্শ করতে পারে। এই অবস্থায় ৩ থেকে ৪ মিনিট থাকার চেষ্টা করুন। তারপর ধীরে ধীরে স্বাভাবিক ভঙ্গিতে ফিরে আসুন। অনিয়মিত ঋতুস্রাব এবং ঋতুকালীন ব্যথা কমাতে এই আসন বিশেষভাবে কার্যকর।
শশঙ্গাসন
প্রথমে বজ্রাসনে বসুন। তারপর ধীরে ধীরে শরীর সামনের দিকে ঝুঁকিয়ে কপাল হাঁটুর কাছে আনার চেষ্টা করুন। হাত দিয়ে পায়ের গোড়ালি ধরুন এবং স্বাভাবিকভাবে শ্বাস নিন। এরপর মাথার তালু মাটিতে স্পর্শ করিয়ে কয়েক সেকেন্ড ধরে রাখুন। শুরুতে অসুবিধা হলেও নিয়মিত অভ্যাসে ধীরে ধীরে সহজ হয়ে যাবে। এই আসন মেরুদণ্ড নমনীয় রাখতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে।
