May 25, 2026
SIL 2

গরম পড়তেই নাজেহাল অবস্থা। অতিরিক্ত ঘাম, চুলকানি, দুর্গন্ধ সব মিলিয়ে অস্বস্তি যেন নিত্যসঙ্গী। শুধু সাবান বা শ্যাম্পুতে কাজ হচ্ছে না। চাই বাড়তি যত্ন। মুখের যেমন ক্লিনজার হয়, গায়ে মাখার জন্যও তা হয়। তবে বাজারচলতি ক্লিনজারের পরিবর্তে ত্বকের ধরন ও সমস্যা বুঝে সহজেই বাড়িতে তৈরি করা যেতে পারে নানা ধরনের ক্লিনজার।

চুলকানিতে স্বস্তি
গরমে ঘাম জমে অনেকেরই ত্বকে চুলকানি দেখা দেয়। এই সমস্যা কমাতে পারে টি-ট্রি অয়েল ও পেপারমিন্ট অয়েল। এই ক্লিনজার তৈরির জন্য প্রয়োজন আধ কাপ তরল ক্যাসটাইল সাবান, ১/৪ কাপ পরিশোধিত জল এবং এক টেবিল চামচ কাঠবাদামের তেল। এর সঙ্গে মেশাতে হবে ৭-৮ ফোঁটা টি-ট্রি অয়েল ও পেপারমিন্ট অয়েল।
টি-ট্রি অয়েল ত্বকের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। পেপারমিন্ট অয়েল ত্বকে শীতল অনুভূতি এনে জ্বালা-চুলকানি কমায়। সব উপকরণ একটি পরিষ্কার বোতলে ঢেলে ভালো করে ঝাঁকিয়ে নিলেই তৈরি ক্লিনজার। এক বার বানিয়ে রাখলে প্রায় এক মাস ব্যবহার করা যাবে।

ট্যান দূর করবে
তীব্র রোদে বাইরে বেরোলে হাত-পা ও শরীরে কালচে ছোপ পড়ে যায়। এই ট্যান দূর করতে বাড়িতেই বানানো যেতে পারে কফি ক্লিনজার। কফি মৃত কোষ দূর করতে সাহায্য করে, আর মধু ও নারকেল তেল ত্বকে পুষ্টি জোগায়। আধ কাপ তরল ক্যাসটাইল সাবান, ১/৪ কাপ পরিশোধিত জল, ৪-৫ টেবিল চামচ কফিগুঁড়ো, ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ নারকেল তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে বোতলে ভরে রাখলেই তৈরি হয়ে যাবে ক্লিনজার।

আর্দ্রতা জোগাবে
শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে পারে অ্যালোভেরা ক্লিনজার। শসার রস, আধ কাপ ক্যাসটাইল সাবান, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ১ টেবিল চামচ গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে নিতে হবে। গরম থেকে ফিরে এই ক্লিনজার ব্যবহার করলে ত্বকের জ্বালাভাব কমবে এবং ত্বক থাকবে নরম ও আর্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *