গত বছর অনীত পদ্দা ও অহান পাণ্ডে অভিনীত ‘সইয়ারা’ ছবি দেখে আবেগে ভেসেছিলেন দর্শক। নায়িকার চরিত্রে নজর কেড়েছিলেন অনীত। ছবিতে দেখা যায়, ‘অ্যালঝাইমার্স’-এ আক্রান্ত হয় নায়িকা। সিনেমার গল্পের মতোই বাস্তবেও যেন মিলে গেল অনীতের জীবন!
প্রিয় দাদুকে হারালেন নায়িকা। খবর, তাঁর দাদুও দীর্ঘদিন ধরে অ্যালঝাইমার্সে ভুগছিলেন। সামাজিক মাধ্যমে দাদুর সঙ্গে একটি ছবি ভাগ করে অনীত লেখেন, “আমার জীবনের একমাত্র ভালোবাসা আমার থেকে দূরে চলে গেলেও, তোমাকে আমি কখনও ভুলব না। তোমার স্মৃতি আমার হৃদয়ে চিরকাল অমলিন থাকবে।” তিনি আরও যোগ করেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার শেখানো পথেই চলব। তোমার মজার মজার মুহূর্তগুলো সুযোগ পেলেই সকলের সঙ্গে ভাগ করে নেব।”
অভিনেত্রী জানান, তাঁর দাদুর অসুস্থতার ভিত্তিতেই ‘সইয়ারা’-র সাথে একাত্ম হতে পেরেছিলেন তিনি। প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ অনীত।
