মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার আসন্ন অসম বিধানসভা নির্বাচনের জন্য ৮৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি।
দলটির তরফে প্রকাশিত প্রথম প্রার্থী তালিকায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জালুকবাড়ি আসন থেকে প্রার্থী করা হয়েছে। দিশপুর কেন্দ্রে টিকিট পেয়েছেন সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রদ্যুত বরদলৈ। দলীয় সূত্রে জানা গিয়েছে, শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে এই তালিকা চূড়ান্ত করা হয়। প্রকাশিত তালিকায় একাধিক হেভিওয়েট নেতার নাম রয়েছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আবারও লড়ছেন জালুকবাড়ি কেন্দ্র থেকে, যা বর্তমানে তাঁর দখলেই রয়েছে এবং বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। প্রবীণ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিকে প্রার্থী করা হয়েছে টিহু থেকে। রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগকে ফের গোলাঘাট কেন্দ্র থেকেই লড়তে দেওয়া হয়েছে।
