এইমুহূর্তে মণিপুরের অবস্থা অগ্নিগর্ভ হয়ে রয়েছে। প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে মানুষের। চলমান বিক্ষোভের এই পরিস্থিতিতেই মণিপুরের উখরুল জেলায় ভয়াবহ সংঘর্ষে তিনজনের মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা বাহিনী অভিযান জোরদার করেছে।
জানানো হয়েছে, দোষীদের ধরতে তল্লাশি চলছে এবং নতুন করে হিংসা ছড়ানো রুখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। লিটান থানার অন্তর্গত মুল্লাম গ্রামে দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই হয়। ঘটনায় নিহত হয়েছেন পাওমিনলুন হাওলাই (২২), লেটলাল সিটলহৌ (৪১) এবং হোরশোকমি জামাং (২৯)। পুলিশ জানিয়েছে, হাওলাই ও সিটলহৌ কুকি সম্প্রদায়ের এবং জামাং তাংখুল নাগা সম্প্রদায়ের বাসিন্দা। তাঁরা যথাক্রমে চুরাচাঁদপুর, কাঙ্গপোকপি ও কামজং জেলার বাসিন্দা ছিলেন।
সংঘর্ষে মুল্লাম গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগানো হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মণিপুরের উপমুখ্যমন্ত্রী নেমচা কিপগেন। তিনি বলেন, “নিরস্ত্র সাধারণ মানুষের উপর এই ধরনের বর্বরোচিত হামলা মানবিকতার পরিপন্থী এবং সমাজের মূল কাঠামোর উপর সরাসরি আঘাত।” ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি সব পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানান।
