July 27, 2026
image (47)

আসামের প্রথম নারী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়া রূপমণি গড়কে সংবর্ধনা ও ১০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে আসাম সরকার। রোববার ডিসপুরের লোক সেবা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রূপমণি গড়কে সম্মাননা জানান। একই অনুষ্ঠানে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর সহকারী কমান্ড্যান্ট এবং সর্বমহিলা এভারেস্ট অভিযানের দলনেতা ভানিতা তিমুংপিকেও ২ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী বলেন, গত ২১ মে এভারেস্ট জয়ের মাধ্যমে রূপমণি গড় শুধু আসামের নয়, সমগ্র দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁর সাহস, অধ্যবসায় ও নিষ্ঠা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তিনি ভানিতা তিমুংপির নেতৃত্বেরও প্রশংসা করেন এবং অভিযানের সাফল্যে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

রূপমণি গড়ের এই ঐতিহাসিক সাফল্যকে স্মরণীয় করে রাখতে তাঁর বাড়ি থেকে লীলাবাড়ি উচ্চ বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার সড়ক নতুন করে নির্মাণ করে ‘রূপমণি গড় পথ’ নামকরণের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে আসামের পর্বতারোহণের ঐতিহ্য তুলে ধরে হিমন্ত বিশ্ব শর্মা তরুণদের অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পর্বতারোহণে উজ্জ্বল ক্যারিয়ারের সুযোগ রয়েছে এবং এ ক্ষেত্রে আগ্রহী তরুণদের পাশে সরকার সবসময় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *