জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। একটি নির্ভুল ও বিশ্বাসযোগ্য ভোটার তালিকাই অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের মূল ভিত্তি। রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে ত্রিপুরায় শুরু হতে যাচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভশন বা এসআইআর ২০২৬ কর্মসূচি।
ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার পরে আগামী ২৩ ডিসেম্বর রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই কর্মসূচি বিষয়ে বিস্তারিত জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে। তিনি এও জানিয়েছেন, ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দেশের ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধনী হাতে নেওয়া হয়েছে।
১ অক্টোবর, ২০২৬ ইং তারিখকে ভিত্তি তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই তারিখে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে বা তার বেশি হবে, তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর ২০২৬ ইং পর্যন্ত বুথ লেভেল অফিসাররা প্রতিটি বাড়িতে গিয়ে পূর্বেই প্রস্তুত করা এনুমারেশন ফর্ম বিতরণ করবেন এবং ভোটারদের প্রয়োজনীয় তথ্য পূরণে সহায়তা করবেন। বাড়ি বাড়ি সমীক্ষার সময় কোনও নথিপত্র সংগ্রহ করা হবে না।
