November 11, 2026
SIL 2

গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের ইন্দৌরের অনুষ্ঠান ঘিরে ফের বোমা হামলার হুমকি। এ বার মধ্যপ্রদেশ হাই কোর্টে ই-মেল পাঠিয়ে ইন্দৌরে ১৫ নভেম্বরের অনুষ্ঠান এবং গোয়ালিয়র হাই কোর্টে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার হাই কোর্টের ওয়েবসাইটের মাধ্যমে হুমকির ই-মেলটি পাঠানো হয়। ইন্দৌরের পুলিশ সুপার রবিন জৈন জানিয়েছেন, ই-মেলের উৎস খুঁজে বার করতে বিশেষ দল গঠন করে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তার স্বার্থে ইন্দৌর ও ভোপাল পুলিশেরও সাহায্য নেওয়া হচ্ছে।

এর আগে দিলজিতের অনুষ্ঠান ঘিরে ইন্দৌরের তিনটি বেসরকারি স্কুল এবং মেয়রের দপ্তরেও বোমা হামলার হুমকি এসেছিল। সেই বার্তার পর স্কুলগুলিতে তল্লাশি চালানো হলেও কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। পরপর হুমকির ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের। তবে আপাতত ১৫ নভেম্বরের অনুষ্ঠান বাতিলের কোনও ঘোষণা হয়নি। নির্ধারিত দিনেই ইন্দৌরে অনুষ্ঠান করার কথা রয়েছে গায়কের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *