October 14, 2026
SIL 2

চোখের সাজেই বদলে যেতে পারে গোটা মেকআপের লুক। হালকা সাজ হোক বা জমকালো পার্টি মেকআপ, কাজল, আইশ্যাডো ও মাস্কারার সঠিক ব্যবহার চোখকে করে তুলতে পারে আরও আকর্ষণীয়। কালো কাজলের পাশাপাশি নীল, সবুজ ও খয়েরি রঙের ব্যবহারেও চোখের সাজে আসতে পারে নতুনত্ব। জেনে নিন, কীভাবে বাড়িতেই সহজে করে নিতে পারেন নানা ধরনের আই মেকআপ।

চোখের মেকআপ শুরু করার আগে পাতায় আই প্রাইমার লাগিয়ে নিন। এ বার ব্রাশে অল্প ম্যাট খয়েরি আইশ্যাডো নিয়ে উপরের চোখের পাতায় ল্যাশ লাইনের বরাবর লাগান। চোখের মাঝখান থেকে বাইরের কোণ পর্যন্ত রং টানলে চোখের আকার আরও লম্বাটে দেখাতে পারে। এর পর একই রেখা অনুসরণ করে কাজল লাগান। চোখের বাইরের কোণ থেকে রেখাটি সামান্য উপরের দিকে টেনে দিন। এতে তৈরি হবে উইঙ্গড আই লুক। চাইলে চোখের ভিতরের কোণে সূক্ষ্ম রেখা টেনে সাজে আরও ধারালো ছোঁয়া আনতে পারেন।

কাজল মানেই শুধু কালো নয়। নীল, সবুজ কিংবা গেরুয়া রঙের আই পেনসিল দিয়েও সাজিয়ে নিতে পারেন চোখ। সবুজ আই পেনসিল চোখের নীচের ভিতরের কোণ থেকে টেনে বাইরের দিকে ছড়িয়ে দিন। উপরের চোখের পাতার সঙ্গে রংটি হালকা করে মিশিয়ে নিলে সাজে আসবে অন্য মাত্রা। শেষে উপরের ও নীচের পাপড়িতে মাস্কারা লাগিয়ে সম্পূর্ণ করুন লুক। সন্ধ্যার অনুষ্ঠান বা পার্টির জন্য স্মোকি আই হতে পারে আকর্ষণীয় পছন্দ। প্রথমে চোখের পাতায় গাঢ় খয়েরি বা কালো আইশ্যাডো লাগিয়ে নিন। তারপর ব্লেন্ডিং ব্রাশ দিয়ে রংটি ভালো করে মিশিয়ে দিন, যাতে কোনও স্পষ্ট রেখা চোখে না পড়ে।

চোখের বাইরের কোণে গাঢ় খয়েরি রং লাগিয়ে ধীরে ধীরে মাঝারি খয়েরি আইশ্যাডোর সঙ্গে মিশিয়ে দিন। নীচের ল্যাশ লাইনের ধারেও হালকা খয়েরি রং লাগিয়ে ব্লেন্ড করুন। সব শেষে কাজল ও মাস্কারা ব্যবহার করলে চোখের সাজ আরও গভীর দেখাবে। চোখের সাজে ঝলমলে ভাব আনতে মেটালিক স্মোকি আই বেছে নিতে পারেন। এর জন্য ক্রিম রঙের বেসের উপর সোনালি, ব্রোঞ্জ বা অন্য কোনও মেটালিক আইশ্যাডো লাগান। চোখের বাইরের কোণে গাঢ় রং ব্যবহার করে ভালো করে মিশিয়ে নিন। ভ্রুর নীচে ও চোখের ভিতরের কোণে সামান্য হাইলাইটার লাগালে চোখ আরও উজ্জ্বল দেখাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *