October 5, 2026
TRI 2

ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টসহ নানা পুষ্টিগুণে সমৃদ্ধ আমলকি স্বাস্থ্যকর ফল হিসেবে পরিচিত। অনেকেই দিনের শুরু করেন আমলকির রস দিয়ে। তবে খালি পেটে আমলকির রস সবার জন্য আরামদায়ক নাও হতে পারে। বিশেষ করে অম্বল বা অ্যাসিডিটির প্রবণতা থাকলে অস্বস্তি হতে পারে। আবার টক-কষা স্বাদের কারণে অনেকেরই আমলকি সরাসরি ফল হিসেবে খেতে ভালো লাগে না। তবে তাই বলে খাদ্যতালিকা থেকে আমলকিকে বাদ দেওয়ার প্রয়োজন নেই। একটু অন্যভাবে রান্না করলেই আমলকিকে করা যায় আরও সুস্বাদু। রইল তিনটি সহজ পদ।

আমলকির রায়তা
প্রথমে আমলকি কুচিয়ে নিন। আমলকি ও কয়েক টুকরো নারকেল মিক্সারে দিয়ে হালকা করে ঘুরিয়ে নিন। একেবারে মিহি না করে সামান্য দানা দানা রাখলে রায়তার স্বাদ ভালো হবে। এবার টক দই ভালো করে ফেটিয়ে তার সঙ্গে সৈন্ধব লবণ ও ভাজা জিরের গুঁড়ো মেশান। এর মধ্যে আমলকি-নারকেলের মিশ্রণটি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আমলকির রায়তা।

আমলকির রাইস
আমলকি মিহি করে কুচিয়ে বা গ্রেট করে নিন। কড়াইয়ে সামান্য তেল গরম করে তাতে ছোলার ডাল, বিউলির ডাল, সর্ষে, কারিপাতা ও শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে বাদাম দিয়ে হালকা ভেজে নিন। এর পর নুন ও সামান্য হলুদ দিয়ে গ্রেট করা আমলকি যোগ করুন। কয়েক মিনিট নাড়াচাড়া করে রান্না করা ভাত দিয়ে ভালো করে মিশিয়ে নিন। স্বাদ অনুযায়ী সামান্য চিনি যোগ করা যেতে পারে।

আমলকির চাটনি
আমলকি কুচিয়ে নিন। মিক্সারে আমলকির সঙ্গে আদা, কাঁচালঙ্কা, ধনেপাতা ও সামান্য সৈন্ধব লবণ দিন। অল্প জল দিয়ে মিহি করে বেটে নিন। তৈরি হয়ে যাবে টক-ঝাল স্বাদের ঘন আমলকির চাটনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *