November 16, 2026
SIL 1

দিনের শুরুতে পুষ্টিকর প্রাতরাশ শরীরকে চনমনে রাখতে এবং সারাদিনের কাজের জন্য শক্তি জোগাতে সাহায্য করে। সকালের জলখাবারে সহজে তৈরি করা যায়, এমন খাবারের মধ্যে ওট্‌স ও সুজি বেশ জনপ্রিয়। সুজি খাওয়ার চল বহুদিনের হলেও গত কয়েক বছরে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে ওট্‌সের জনপ্রিয়তা বেড়েছে। কিন্তু পুষ্টিগুণের বিচারে কোনটি বেশি উপকারী?

ফাইবার ও পুষ্টিগুণ

পুষ্টিগুণের দিক থেকে ওট্‌স বেশ এগিয়ে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, বিশেষ করে বিটা-গ্লুকান নামক দ্রবণীয় ফাইবার। এটি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে, হজমে সাহায্য করতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে। পাশাপাশি ওট্‌সে রয়েছে প্রোটিন, ভিটামিন বি, আয়রন, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক। অন্যদিকে, সুজিতেও প্রোটিন, ফাইবার, ভিটামিন বি ও বিভিন্ন খনিজ উপাদান রয়েছে। তবে ফাইবারের পরিমাণ সাধারণত ওট্‌সের তুলনায় কম। তাই পুষ্টিগুণের বিচারে ওট্‌স কিছুটা এগিয়ে।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে কোনটি ভালো?

ডায়াবিটিসের ক্ষেত্রে ওট্‌স তুলনামূলক ভালো বিকল্প হতে পারে। এতে থাকা দ্রবণীয় ফাইবার খাবার থেকে শর্করা শোষণের গতি ধীর করতে সাহায্য করে। ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার ঝুঁকি কমতে পারে। অন্যদিকে, সুজিতে ফাইবার তুলনামূলক কম থাকায় রক্তে শর্করা নিয়ন্ত্রণে ওট্‌সের মতো সুবিধা পাওয়া যায় না। তবে দু’টি খাবারই কী ভাবে এবং কতটা পরিমাণে খাওয়া হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।

হজমের জন্য কোনটি উপযোগী?

ওট্‌সে থাকা ফাইবার অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি এবং নিয়মিত মলত্যাগে সাহায্য করে। তবে ওট্‌স স্বাভাবিকভাবে গ্লুটেনমুক্ত হলেও প্রক্রিয়াকরণের সময় গমের সংস্পর্শে আসতে পারে। তাই গ্লুটেন অসহিষ্ণুতা বা সিলিয়াক রোগ থাকলে গ্লুটেনমুক্ত বলে চিহ্নিত ওট্‌স বেছে নেওয়া জরুরি। অন্যদিকে, সুজি গম থেকে তৈরি হওয়ায় এতে গ্লুটেন থাকে। যাঁদের গ্লুটেন অসহিষ্ণুতা বা গমে অ্যালার্জি রয়েছে, তাঁদের সুজি এড়িয়ে চলা উচিত।

ওজন নিয়ন্ত্রণে কে এগিয়ে?

ওজন কমানোর পরিকল্পনা থাকলে ওট্‌স ভালো বিকল্প হতে পারে। এতে ফাইবার বেশি থাকায় দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। ফলে ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে এবং অতিরিক্ত খাবার খাওয়ার ইচ্ছাও নিয়ন্ত্রণে থাকে। সুজিও পেট ভরাতে সাহায্য করে, তবে ফাইবারের পরিমাণ কম হওয়ায় তুলনামূলকভাবে কম সময় পেট ভরা থাকতে পারে। তবে শুধু ওট্‌স বা সুজি খেলেই ওজন কমবে, এমন নয়। সঠিক খাদ্যাভ্যাস, পরিমিত ক্যালোরি গ্রহণ এবং নিয়মিত শরীরচর্চাও ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ।

তাহলে প্রাতরাশে কী রাখবেন?

সার্বিক পুষ্টিগুণ, ফাইবার, কোলেস্টেরল ও রক্তে শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওট্‌স কিছুটা এগিয়ে। তবে সুজিও পুষ্টিকর খাবার এবং সুষম খাদ্যতালিকার অংশ হতে পারে। তাই নিজের শরীরের প্রয়োজন, খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যের অবস্থা বুঝে দু’টি খাবারই প্রাতরাশে রাখা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *