বিগত বেশ কিছুদিন ধরে বেড়ে চলেছে অশান্তি, ঘরছাড়া হাজার হাজার মানুষ। মণিপুরের এইঅবস্থায়, এবার পরিস্থিতিতে প্রকাশ্যে আসছে নরকীয় ঘটনা। মণিপুরে ফের সশস্ত্র হামলার বলি নিরীহ নাগরিক। এবার উখরুল জেলায় জাতীয় সড়কে দুটি গাড়ি লক্ষ্য করে সন্দেহভাজন জঙ্গিদের এলোপাথাড়ি গুলিবর্ষণে প্রাণ গেল দুই মহিলা-সহ চারজনের।
ইম্ফল-ডিমাপুর জাতীয় সড়কের (এনএইচ-২) নিউ হেভেন এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন এক মা ও তাঁর ছেলে। পরপর এমন রক্তক্ষয়ী ঘটনায় নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। প্রশ্নের মুখে পড়েছে পাহাড়ি জেলাগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা। জানা গিয়েছে, দুটি পৃথক গাড়িতে করে যাচ্ছিলেন চারজন।
একটি বোলেরো পিকআপ এবং অন্যটি মারুতি সুইফট। সেই সময় নিউ হেভেনের কাছে ইয়াওলেন গ্রামের দিক থেকে সন্দেহভাজন সশস্ত্র জঙ্গিরা গাড়ি দুটিকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। আচমকা হামলায় আত্মরক্ষার কোনও সুযোগই পাননি যাত্রীরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের।
