August 4, 2026
image

সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে অসম সরকার অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে। সোমবার ডিব্রুগড় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সরাসরি উপভোক্তাদের জন্য ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) ব্যবস্থায় প্রথম কিস্তির ত্রাণ সহায়তা আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন।

এই উদ্যোগের অংশ হিসেবে বোকাখাট সহ-জেলা কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি বিশেষ আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বোকাখাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বোকাখাট ও খুমটাই রাজস্ব চক্রের মোট ১৪৬টি বন্যাকবলিত পরিবার এই কর্মসূচির আওতায় অন্তর্বর্তী ত্রাণের প্রথম কিস্তি হিসেবে প্রত্যেকে ১৫ হাজার টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন।

সরকারি সূত্রে জানানো হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারের ক্ষয়ক্ষতির মূল্যায়ন এখনও চলছে। যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী পর্যায়ক্রমে অন্যান্য যোগ্য উপভোক্তাদের কাছেও ডিবিটির মাধ্যমে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। অসম সরকার জানিয়েছে, বন্যাদুর্গত মানুষের দ্রুত পুনর্বাসন এবং জরুরি প্রয়োজনে সহায়তা নিশ্চিত করতে স্বচ্ছ ও কার্যকর ডিবিটি ব্যবস্থার মাধ্যমে এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *