শীতকাল মানেই নানা রকম সুস্বাদু খাবার। আর সেই খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়াতে ধনেপাতার জুড়ি মেলা ভার। চাটনি, তরকারি কিংবা খিচুড়ি—সব কিছুতেই ধনেপাতার ব্যবহার রয়েছে। কিন্তু বাজার থেকে কিনে আনার দু-এক দিনের মধ্যেই অনেক সময় ধনেপাতা নেতিয়ে পড়ে, হলুদ হয়ে যায় কিংবা পচতে শুরু করে। তবে কয়েকটি সহজ নিয়ম মেনে চললে ফ্রিজে দীর্ঘদিন ধনেপাতা সতেজ রাখা সম্ভব।
কেন দ্রুত পচে যায় ধনেপাতা?
ধনেপাতা দ্রুত নষ্ট হওয়ার অন্যতম কারণ অতিরিক্ত আর্দ্রতা ও বাতাস চলাচলের অভাব। ঠিকমতো শুকিয়ে সংরক্ষণ না করলে পাতায় পচন ধরতে পারে। এ ছাড়া পাকা ফল ও কিছু সবজি থেকে নির্গত ইথিলিন গ্যাসের সংস্পর্শেও ধনেপাতা দ্রুত নষ্ট হতে পারে।
ধনেপাতা কেনার সময় যা খেয়াল রাখবেন
উজ্জ্বল সবুজ রঙের ধনেপাতা কিনুন।
ডাঁটা যেন সতেজ ও শক্ত থাকে।
হলুদ, কালচে বা পিচ্ছিল দাগযুক্ত পাতা এড়িয়ে চলুন।
তাজা ধনেপাতার স্বাভাবিক সুগন্ধ রয়েছে কি না দেখে নিন।
ফ্রিজে ধনেপাতা সতেজ রাখার সহজ উপায়
পেপার টাওয়েল ব্যবহার করুন: ধনেপাতা ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিন। এরপর সামান্য ভেজা পেপার টাওয়েলে মুড়িয়ে জিপলক ব্যাগে রাখুন। ব্যাগে সামান্য বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। ফ্রিজের সবজি রাখার নির্দিষ্ট অংশে সংরক্ষণ করুন।
বায়ুরোধী পাত্রে রাখুন: একটি পাত্রের নিচে শুকনো কাগজ বা পেপার টাওয়েল বিছিয়ে নিন। তার ওপর ধনেপাতাগুলো আলগাভাবে সাজিয়ে রাখুন। প্রয়োজন হলে পাতার ওপরেও একটি শুকনো পেপার টাওয়েল দিতে পারেন। এতে অতিরিক্ত আর্দ্রতা শোষিত হবে।
ব্যবহারের আগে ধুয়ে নিন: ধনেপাতা সংরক্ষণের আগে না ধুয়ে রাখাই ভালো, যদি না ভালোভাবে শুকানোর ব্যবস্থা থাকে। ব্যবহারের আগে পরিষ্কার জলে ধুয়ে নিন। আগে ধুতে হলে সম্পূর্ণ শুকিয়ে তারপর ফ্রিজে রাখুন।
