July 18, 2026
SIL 1

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দিল ভারতের প্রথম বেসরকারি স্পেস রকেট ‘বিক্রম ১’। স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি এই রকেটটি শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে উৎক্ষেপণ করা হয়। মূলত কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপনের জন্য তৈরি করা হয়েছে রকেটটি। নির্মাতাদের দাবি, সম্পূর্ণ কার্বন কম্পোজিট কাঠামোয় তৈরি হওয়ায় এটি প্রচলিত রকেটের তুলনায় হালকা ও বেশি কার্যক্ষম।

বিক্রম ১-এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই শব্দের বার্তা ‘বন্দে মাতরম’ লেখা একটি কার্ড পাঠানো হয়েছে মহাকাশে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভারতের মহাকাশ অভিযানের জন্য আসা শুভেচ্ছাবার্তাও ওই কার্ডের সঙ্গে পাঠানো হয়েছে। রকেটটির সঙ্গে ভারতের বিশিষ্ট বিজ্ঞানী বিক্রম সারাভাই, সিভি রমন ও এপিজে আবদুল কালামের ছোট মূর্তিও পাঠানো হয়েছে। এই অভিযানে রয়েছে ‘এমব্রেস মিশন’ নামে একটি বিশেষ প্রযুক্তি। মহাকাশের কক্ষপথে জমে থাকা আবর্জনা নিয়ন্ত্রণে রোবটিক আর্ম প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি যন্ত্রের পরীক্ষাও করা হচ্ছে। স্কাইরুট এই অভিযানটির নাম দিয়েছে ‘মিশন আগমন’।

উৎক্ষেপণের আগে শ্রীহরিকোটায় শুরু হয় শেষ ১০ সেকেন্ডের কাউন্টডাউন। কাউন্টডাউন শেষ হতেই আগুনের উজ্জ্বল শিখা ও ঘন ধোঁয়ার মধ্যে আকাশের দিকে ছুটে যায় রকেটটি। উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। স্কাইরুটের এই সাফল্য ভারতের বেসরকারি মহাকাশ শিল্পে নতুন পালক যোগ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *