পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) অসমের নলবাড়ি জেলার চেংনই এলাকার একটি ইটভাটা ও একটি পাথর খনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সমস্ত বাধ্যতামূলক আইনগত ও পরিবেশগত ছাড়পত্র না পাওয়া পর্যন্ত এই দুই শিল্প ইউনিটের কার্যক্রম শুরু করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে ট্রাইব্যুনাল।
কলকাতাস্থ এনজিটির পূর্বাঞ্চলীয় বেঞ্চের বিচারপতি অরুণ কুমার ত্যাগী এবং বিশেষজ্ঞ সদস্য ঈশ্বর সিং এই নির্দেশ দেন। ট্রাইব্যুনাল জানিয়েছে, জেপিআইএস ব্রিক কিলন এবং পাসা স্টোন কোয়ারিকে অসম দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (এপিসিবি) কাছ থেকে বৈধ কনসেন্ট টু অপারেট (সিটিও) সংগ্রহ করতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি) এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্ধারিত সমস্ত পরিবেশগত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে।
পাগলাদিয়া নদীর তীরে পরিবেশগত নিয়ম লঙ্ঘন করে এই প্রকল্পগুলি গড়ে তোলার অভিযোগে মামলাটি দায়ের হয়। আবেদনকারীদের দাবি ছিল, প্রকল্পগুলি নদীর বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, জনস্বাস্থ্য এবং এলাকার বন্য হাতির স্বাভাবিক চলাচলের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
যৌথ কমিটি, অসম দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং জেলা প্রশাসনের রিপোর্ট পর্যালোচনার পর এনজিটি জানায়, পরিদর্শনের সময় দুটি ইউনিটই বন্ধ ছিল। এছাড়া জেপিআইএস ব্রিক কিলনকে দেওয়া কনসেন্ট টু এস্টাবলিশ (সিটিই) ইতোমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতে সব আইনি ও পরিবেশগত শর্ত পূরণ না হলে কোনোভাবেই পরিচালনার অনুমতি দেওয়া যাবে না বলেও ট্রাইব্যুনাল স্পষ্ট নির্দেশ দিয়েছে।
