বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০ জনেরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ২০ লক্ষ টাকারও বেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় ৫৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪৭টি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে উপড়েপড়া গাছ অপসারণ করে ৮৬টি রাস্তা পুনরায় চলাচলের উপযোগী করা হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মো: সাজাদ পি একথা জানান। জেলাশাসক জানান, দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।
প্রায় ২০০টি উপড়েপড়া গাছ, ৫০০ এর বেশি বিদ্যুৎ এর ভাঙ্গা খুটি, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার এবং প্রায় ২৪ কিলোমিটার বিদ্যুৎ পরিবাহী লাইন মেরামত করা হয়েছে। জেলাশাসক জানিয়েছেন প্রায় ২০০ জন সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবককে নিয়ে ৩০টি দলের মাধ্যমে ত্রাণ ও উদ্ধারের কাজ করা হচ্ছে।
