মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র জ্বালানি সংকট। ফলে রান্নার গ্যাস সহ অন্যান্য জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতির শিকার ভারতও। সুইৎজারল্যান্ডে এক সম্মেলনে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে ভারতেও পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে পারে। তিনি বলেন, পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, সরকারের পক্ষে বাড়তি খরচ সামলানো সম্ভব হবে না।
মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে আন্তর্জাতিক তেল ও গ্যাস সরবরাহে প্রভাব পড়ছে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে। ভারতের আমদানিপ্রধান অর্থনীতিতে এর প্রভাব পড়ছে।
ইতিমধ্যেই দেশবাসীর কাছে জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যানবাহনের ব্যবহার কমানো, কারপুলিং, মেট্রো ও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানো এবং অনাবশ্যক খরচ কমানোর পরামর্শ দিয়েছেন তিনি।
এতদিন পর্যন্ত সরকার বা কোনো কেন্দ্রীয় সংস্থা সরাসরি দাম বাড়ার সম্ভাবনা স্বীকার না করলেও, আরবিআই গভর্নরের সাম্প্রতিক মন্তব্যে সেই আশঙ্কা স্পষ্ট হয়ে উঠেছে। অবস্থার পরিবর্তন না হলে দেশের সাধারণ মানুষের আর্থিক সংকটের সম্ভাবনা প্রবল হয়ে উঠতে পারে।
