সপ্তাহের প্রথম তিন দিনের প্রস্তাবিত ব্যাংক ধর্মঘট শেষ মুহূর্তে স্থগিত করল ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস (ইউএফবিইউ)। ফলে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর, সোমবার থেকে বুধবার পর্যন্ত ব্যাংক পরিষেবা স্বাভাবিক থাকবে।
রবিবার রাতে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন (আইবিএ)-এর সঙ্গে জরুরি বৈঠকের পর ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত জানায় ইউএফবিইউ। ইউনিয়নগুলির দাবি, কর্মীদের কয়েকটি দাবির বিষয়ে আইবিএ নির্দিষ্ট আশ্বাস দেওয়ায় আপাতত আন্দোলন স্থগিত রাখা হয়েছে।
ব্যাংক কর্মীদের অন্যতম প্রধান দাবি, প্রতি শনিবার ছুটি-সহ সপ্তাহে পাঁচ দিন কাজ চালু করা। বিষয়টি খতিয়ে দেখতে আইবিএ ও ইউএফবিইউ-এর প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও মহার্ঘ ভাতাসহ অন্যান্য দাবিও বৈঠকে আলোচিত হয়।
এছাড়া স্কেল ৪ ও তার ঊর্ধ্বতন আধিকারিকদের জন্য কর্মদক্ষতাভিত্তিক ইনসেন্টিভ চালুর বিষয়েও আইবিএ-র সঙ্গে আলোচনা শুরু হবে। তবে দাবি পূরণে অগ্রগতি না হলে ভবিষ্যতে ফের আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউনিয়নগুলি।
