মোহনপুর মহকুমার বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে একদল গ্রামবাসীর বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, শাসকদল বিজেপির মদতে এই বিক্ষোভ সংগঠিত করা হয়। কালীবাজারে ডিওয়াইএফআই-এর কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দুপুরে বামুটিয়া আরডি ব্লকের কালীবাজারে সিপিআই(এম)-এর যুব সংগঠন ডিওয়াইএফআই-এর মোহনপুর মহকুমা কমিটির সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন মানিক সরকার। সেই সময় বিক্ষোভকারীরা তাঁর গাড়ি ঘিরে ধরে তাঁকে ফিরে যাওয়ার জন্য স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ। পাশাপাশি কালো পতাকা প্রদর্শনেরও খবর পাওয়া যায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী। পরে নিরাপত্তার মধ্য দিয়ে মানিক সরকারকে স্থানীয় সিপিআই(এম) কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে দলীয় নেতারা জানিয়েছেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি জানান, বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিচালকের সঙ্গে তাঁর কথা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জিতেন্দ্র চৌধুরী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়া থেকে বিরত রাখার যে চেষ্টা করা হয়েছে, তিনি তার তীব্র নিন্দা জানাচ্ছেন।
অন্যদিকে, ঘটনার নিন্দা জানিয়েছেন প্রবীণ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনও। তাঁর অভিযোগ, এই ঘটনা বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিফলন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। বিক্ষোভকারীরা স্থানীয় বিজেপি নেতাদের নির্দেশে এই কর্মসূচি করেছেন বলেও অভিযোগ করেন সুদীপ রায় বর্মন।
তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি রবিবার রাত পর্যন্ত
