মুখ্যমন্ত্রী প্রফেসর(ডাঃ)মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে পর পর নয়টি কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়েছে। এর ফলে রাজ্যের কিডনি রোগে আক্রান্ত রোগীরা উপকৃত হচ্ছেন। আবারও আগামী ৫ অক্টোবর এবং ৬ অক্টোবর ২০২৬ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দু’জন কিডনি রোগীর কিডনি (দশম ও একাদশ) প্রতিস্থাপন করা হবে। জিবিপি হাসপাতাল এবং মণিপুরের সিজা হাসপাতালের কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরপর নয়টি সফল কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়েছে।
গত ৮ ই জুলাই ২০২৪ রাজ্যে প্রথম কিডনি প্রতিস্থাপন হয়েছিল এবং অষ্টম ও নবম কিডনি প্রতিস্থাপন হয়েছিল ১৪ ও ১৫ জুলাই ২০২৬।
এবার যে দু’জনের কিডনি (দশম ও একাদশ) প্রতিস্থাপন হবে তাদের বয়স যথাক্রমে ৫৪ ও ৪২ বছর। জিবিপি হাসপাতাল ও মণিপুরের সিজা হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। এজন্য আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে কিডনি দাতা ও গ্রহীতা উভয়েরই বর্তমানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। উল্লেখ্য, এই কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়ায় নির্দিষ্ট নিয়ম নীতি মেনে সংশ্লিষ্ট অথরাইজেশন কমিটির বিবেচনা ও অনুমতি পত্র প্রদানের ভিত্তিতেই কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে। এছাড়া আনুষঙ্গিক অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা সহ অবশ্যই দাতা ও গ্রহীতার কিডনি ম্যাচ করতে হয়।
