April 27, 2026
SIL 1

দু’দিনের সফরে সিকিম যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিকিম রাজ্যের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ২৭ এপ্রিল বিকেলে গ্যাংটকে পৌঁছে পরদিন সকালেই কর্মসূচি যোগ দেবেন। প্রথমেই তিনি গ্যাংটকের অর্কিডারিয়াম পরিদর্শন করবেন, যেখানে রাজ্যের উদ্ভিদ বৈচিত্র্য তুলে ধরা হয়েছে আধুনিক উপায়ে।

এরপর পালজোর স্টেডিয়ামে আয়োজিত সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকেই রাজ্যজুড়ে ৪ হাজার কোটি টাকারও বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সূচনা করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, পর্যটন ও নগর উন্নয়ন সংক্রান্ত নানা উদ্যোগ।

নামচিতে ১০০ শয্যার আয়ুর্বেদ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এনআইটি দেওরালিতে একটি সমন্বিত চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শিক্ষাক্ষেত্রে সিকিম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সহ একাধিক কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন হবে।

পাশাপাশি ১৬০টি স্কুলে আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর পরিকাঠামো চালুর সূচনা করা হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিস্তা নদীর ওপর নতুন সেতু নির্মাণ ও বিভিন্ন সড়ক সম্প্রসারণ প্রকল্পের ঘোষণা রয়েছে।

এছাড়াও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ, পরিবেশ সংরক্ষণ ও পর্যটন উন্নয়নেও জোর দেওয়া হয়েছে। প্রশাসনের মতে, প্রধানমন্ত্রীর এই সফর সিকিমের সার্বিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে ও উত্তর-পূর্ব ভারতের অগ্রগতিতে নতুন দিশা দেখাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *