July 24, 2026
SIL 1

বেড়াতে গেলে খাওয়াদাওয়া ও ঘোরাঘুরির ব্যস্ততায় শরীরচর্চা অনেকেরই বন্ধ হয়ে যায়। তবে মাত্র ১৫ থেকে ২০ মিনিট সময় বের করে হোটেলের ঘরেই কয়েকটি সহজ যোগাসন করলে শরীর থাকবে সতেজ, পাশাপাশি ভ্রমণের ক্লান্তিও অনেকটাই কমবে। রইল এমনই সহজ কিছু আসনের হদিস।

বৃক্ষাসন

সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত বুকের সামনে নমস্কারের ভঙ্গিতে রাখুন। এবার ডান পা ভাঁজ করে তার পাতা বাঁ পায়ের ঊরুর ওপর রাখুন। ভারসাম্য বজায় রেখে দুই হাত ধীরে ধীরে মাথার ওপর তুলুন। ৩০ সেকেন্ড এই ভঙ্গিতে থাকুন। এরপর স্বাভাবিক অবস্থায় ফিরে এসে অন্য পা দিয়ে একইভাবে অনুশীলন করুন। এই আসন শরীরের ভারসাম্য ও একাগ্রতা বাড়াতে সাহায্য করে।

মার্জারাসন

দুই হাত ও হাঁটুর ওপর ভর দিয়ে বিড়ালের মতো ভঙ্গিতে থাকুন। এবার শ্বাস নিতে নিতে পিঠ উপরের দিকে তুলুন এবং মাথা নিচু করুন। এরপর শ্বাস ছাড়তে ছাড়তে পেট ভেতরের দিকে টেনে মাথা তুলুন। পাঁচবার করে কয়েক মিনিট এই অনুশীলন করলে মেরুদণ্ড নমনীয় থাকে এবং পিঠের জড়তা কমে।

ভুজঙ্গাসন

ম্যাটের ওপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। হাতের তালু বুকের দুই পাশে রেখে ধীরে ধীরে হাতের ভর দিয়ে বুক ও মাথা উপরের দিকে তুলুন। কোমর থেকে পা পর্যন্ত অংশ মাটিতে থাকবে। ২০ থেকে ৩০ সেকেন্ড এই ভঙ্গিতে থেকে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসুন। প্রথমে তিনবার এবং পরে ধীরে ধীরে পাঁচ থেকে ছয়বার পর্যন্ত অনুশীলন করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *