জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। অসমের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একইসঙ্গে তিনি বলেন, বিজেপি নেতৃত্বাধীন জোট নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলি শুধুমাত্র কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমে পূরণ করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, সরকারের প্রধান লক্ষ্য হবে অসমের স্বার্থ ও পরিচয় রক্ষা করা এবং রাজ্যের সর্বস্তরে উন্নয়নের ধারা পৌঁছে দেওয়া। তিনি বলেন, “অসমের নিরাপত্তা এবং উন্নয়ন নিয়ে আমরা সবসময় ইতিবাচকভাবে কথা বলব। রাজ্যের চার সীমানার মধ্যে অসমের মানুষ যাতে নিরাপদে থাকতে পারেন এবং উন্নয়নের সুফল যাতে সমাজের প্রতিটি স্তরে পৌঁছায়, তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”
হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, বর্তমান মেয়াদে সরকারের অগ্রাধিকার ও কাজের প্রতিফলন আগামী দিনগুলিতে আরও স্পষ্ট হবে। তাঁর কথায়, “আগামী দিনেও আপনারা আমাদের কাজ দেখতে পাবেন। কাজই নিজের হয়ে কথা বলবে। এখন আর শুধু কথার কোনও মূল্য নেই। বক্তৃতা ও নির্বাচনী প্রচারের সময় শেষ হয়ে গেছে।”
