May 1, 2026
SIL 2

দেখতে দেখতে ছয় বছর পার। ২০২০ সালে আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন অভিনেতা ইরফান খান। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি সত্ত্বেও কাজের প্রতি ছিল তাঁর অটুট নিষ্ঠা। চরম অসুস্থতার মধ্যেও ‘আংরেজি মিডিয়াম’ ছবির শুটিং করেছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির পরিচালক হোমী অদজানিয়া সেই কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি জানান, শুটিং চলাকালীন ইরফান কেমোথেরাপি নিচ্ছিলেন। এমন অবস্থায় কেন তিনি শুটিং চালিয়ে যেতে চাইছেন, এই প্রশ্ন  করেছিলেন পরিচালক নিজেই। হোমীর কথায়, ইরফানের উত্তর তাঁকে অবাক করেছিল। অভিনেতা জানিয়েছিলেন, অভিনয় তাঁর কাছে আধ্যাত্মিক অভ্যাস। অভিনয়ই তাঁকে বাঁচার প্রেরণা জোগায়।

শুটিংয়ের সময় ইরফান লন্ডনে ছিলেন। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। পরিচালকের সঙ্গে অভিনেতার সম্পর্ক দীর্ঘদিনের। একটা সময় পর পরিচালক বুঝতে পেরেছিলেন, এটাই হয়তো তাঁদের শেষ কাজ!  

উল্লেখ্য, ইরফানের মৃত্যুর এক মাস আগে, ২০২০ সালের মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘আংরেজি মিডিয়াম’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *