April 28, 2026
SIL 1

২০২৭ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঘোষিত হতে চলা ‘পদ্ম পুরস্কার’-এর জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, গত ১৫ মার্চ ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে ও মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সমস্ত মনোনয়ন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট পোর্টালে জমা দিতে হবে। অফলাইন বা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ, পদ্মভূষণ  ও পদ্মশ্রী-এই তিনটি বিভাগে দেওয়া হয়। ১৯৫৪ সালে চালু হওয়া এই পুরস্কার প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে ঘোষণা করা হয়।

শিল্প, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, বিজ্ঞান, সমাজসেবা ও জনসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের এই সম্মান প্রদান করা হয়ে থাকে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সাধারণ নাগরিকদেরও নিজেদের বা অন্য যোগ্য ব্যক্তিদের নাম মনোনয়ন করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে মহিলা, তপশিলি জাতি ও উপজাতি, সমাজের পিছিয়ে পড়া শ্রেণি ও নিঃস্বার্থ সমাজসেবায় নিয়োজিত ব্যক্তিদের সামনে আনতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর কাজ ও অবদানের বিস্তারিত বিবরণ (সর্বোচ্চ ৮০০ শব্দে) দিতে হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট ও পদ্ম পুরস্কার পোর্টালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *