জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। নয়া প্রকল্প নিয়ে একাধিক আলোচনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে চূড়ান্ত হলো। পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিএআরও) গুয়াহাটিতে দুই দিনের চিফ ইঞ্জিনিয়ার্স ওয়ার্কস কনফারেন্সের আয়োজন করল।
এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএআরও-র ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন। এতে পূর্বাঞ্চলের সাতটি প্রকল্পের প্রধান ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার বেস ওয়ার্কশপ (ইবিডব্লিউ)-এর কমান্ড্যান্ট উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বৈঠকে চলতি বছরের লক্ষ্যমাত্রা পূরণ এবং গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পাশাপাশি কার্যক্ষমতা বাড়ানো, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার উপর জোর দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের সময় কমানো এবং কাজের মান উন্নত করতে ‘সেরা পদ্ধতি’ গ্রহণের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
