June 2, 2026
SIL 1

অভিবাসন ও বিদেশি নাগরিক সংক্রান্ত বিধিতে গুরুত্বপূর্ণ সংশোধন আনল কেন্দ্রীয় সরকার। ২০২৫ সালের অভিবাসন এবং বিদেশি নাগরিক বিধিতে সংশোধনের বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।

নতুন বিধি অনুযায়ী, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসায় ভারতে আসা কোনও বিদেশি নাগরিক যদি নির্ধারিত সময়ের পরেও দেশে থাকতে চান, তবে তাঁকে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেজিস্ট্রেশনের আবেদন করতে হবে। এতদিন নিয়ম ছিল, ১৮০ দিনের ভিসার মেয়াদ শেষ হওয়ার ১৪ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করা যেত। সংশোধিত বিধিতে সেই সুযোগ তুলে দেওয়া হয়েছে।

শুধু স্বল্পমেয়াদি ভিসাধারীরাই নন, ১৮০ দিনের বেশি মেয়াদের ভিসা থাকা বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংশোধিত নিয়মে বলা হয়েছে, তাঁরা একটানা ১৮০ দিনের বেশি ভারতে অবস্থান করতে পারবেন না। অবস্থানের মেয়াদ বাড়াতে চাইলে বা পুনরায় থাকার অনুমতি পেতে হলে ১৮০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই রেজিস্ট্রেশন করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, শুধুমাত্র জরুরি পরিস্থিতিতেই এ ধরনের আবেদন বিবেচনা করা হবে।

উল্লেখ্য, গত মাসেই কেন্দ্র সরকার ২০০৯ সালের নাগরিকত্ব বিধিতেও সংশোধন এনেছিল। সেই সংশোধনীতে বলা হয়, ভারতের নাগরিকত্বের জন্য আবেদনকারী বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের কোনও ব্যক্তির কাছে বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা চলবে না। তবে যদি কোনও আবেদনকারীর কাছে বৈধ পাসপোর্ট থাকে, তাহলে তার নম্বর, জারির তারিখ এবং মেয়াদ সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *