July 8, 2026
SIL 2

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্যের পর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে টানা তিন ম্যাচে ব্যর্থ হন সঞ্জু স্যামসন। এরপরই তাঁকে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন ওঠে। এ বিষয়ে মুখ খুললেন কোচ গৌতম গম্ভীর।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের পরাজয়ের পর সাংবাদিক বৈঠকে গম্ভীর বলেন, “সঞ্জুকে যা বলার ছিল, আমি ওকে বলে দিয়েছি। সেই কথাবার্তা কোচ আর ক্রিকেটারের মধ্যেই থাকবে। বিশ্বকাপে সঞ্জু ভারতের জন্য যা করেছে, তা অসাধারণ। তবে কখনও কখনও খেলোয়াড়ের বর্তমান ফর্মের দিকেও নজর দিতে হয়।”

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ তিন ম্যাচে সঞ্জুর ব্যাট থেকে এসেছিল অপরাজিত ৯৭, ৮৯ এবং ৮৯ রানের ইনিংস। কিন্তু চলতি ইংল্যান্ড সিরিজে তাঁর সংগ্রহ মাত্র ৫, ০ এবং ১ রান। যদিও দলের আরও কয়েকজন ব্যাটার প্রত্যাশিত ছন্দে নেই, তবুও বাদ পড়তে হয়েছে সঞ্জুকেই।

সঞ্জুর ভবিষ্যৎ নিয়ে অবশ্য দরজা পুরোপুরি বন্ধ করছেন না গম্ভীর। তিনি বলেন, “কোনও নির্দিষ্ট নিয়ম নেই। এই সিরিজেই ও কামব্যাক করতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফলাফল। যে কম্বিনেশন ভালো ফল দেবে, সেই কম্বিনেশনই খেলবে। আমি বিশ্বাস করি, ভারতের হয়ে খেলার অধিকার প্রত্যেককেই নিজের পারফরম্যান্স দিয়ে অর্জন করতে হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *